স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে এবং তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করে জানান, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছেন। হামলায় তাঁর চাচা হুমায়ুন কবিরের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়।











































