Home খেলাধুলা লিসান্দ্রোর লাল কার্ড, ইউনাইটেডের দুর্দশা বাড়িয়ে চারে চেলসি

লিসান্দ্রোর লাল কার্ড, ইউনাইটেডের দুর্দশা বাড়িয়ে চারে চেলসি

0

স্পোর্টস ডেস্ক।।

প্রথমার্ধে ভালো খেলেও বিরতির পর আর লড়াইয়ে থাকতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে দুই গোল হজমের পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় তারা।

সেই সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় হারের স্বাদ পেল ম্যানচেস্টারের ক্লাবটি। তাতে আরও চাপে পড়েছেন কোচ মাইকেল ক্যারিক। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জয়হীন ইউনাইটেড।

১৯৮৮ সালের অক্টোবর-নভেম্বরের পর এটিই তাদের দীর্ঘতম জয়হীন থাকার রেকর্ড। চলতি প্রিমিয়ার লিগে এটি তাদের চতুর্থ হার। ১৬ নম্বরে থাকা ইউনাইটেড এখন অবনমন অঞ্চলের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে। মৌসুমের শুরু থেকেই দলের বাজে পারফরম্যান্সের কারণে চাপে থাকা ক্যারিকের অবস্থাও ক্রমেই নড়বড়ে হয়ে উঠছে।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। মাতেউস কুনিয়া কাছ থেকে হেডে গোল করলেও ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে তা বাতিল হয়। ফিরতি দলে সুযোগ পাওয়া ব্রুনো ফার্নান্দেসও একটি ভালো সুযোগ নষ্ট করেন। এ ছাড়া আমাদ দিয়ালো চেলসি গোলরক্ষক মাইক পেন্ডার্সকে একা পেয়েও দুবার গোল করতে ব্যর্থ হন।

বিরতির সময় চেলসির সমর্থকদের একাংশের দুয়োধ্বনি শুনতে হয়েছিল স্বাগতিকদের। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই অসন্তোষ দূর করে দেয় তারা। বিরতির পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় চেলসি। ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়দের বাধা ছাড়াই মাঝমাঠ থেকে এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান মরগান রজার্স।

এর ১৪ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কোল পালমার। ভিএআর দেখে রেফারি বুঝতে পারেন, বলের দিকে নজর না রেখেই ওয়েসলি ফোফানার মুখে হাত দিয়ে আঘাত করেছেন মার্তিনেস। এর ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউনাইটেড ডিফেন্ডারকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পালমার।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় চেলসির হাতে। জাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের একাদশে সুযোগ পাওয়া এসতেভাও আরও একটি গোল করেছিলেন। তবে অল্পের জন্য অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়। শেষ দিকে বদলি হিসেবে নামা ভ্যালেন্তিন বারকোও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

যোগ করা সময়ে ব্রায়ান এমবেউমোর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে সপ্তাহ শেষে অবনমন অঞ্চলেও নেমে যেতে পারে ইউনাইটেড।