আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের আসামে চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গুয়াহাটি থেকে ডিব্রুগড়গামী বাসটি কাজিরাঙার কাছে পৌঁছালে হঠাৎ প্রসববেদনা শুরু হয় তার। পরে বাসের যাত্রী ও কর্মীদের সহযোগিতায় সেখানেই সন্তান প্রসব করেন তিনি।
‘আইদেউ জান’ নামের বাসটি চালাচ্ছিলেন বাবুল বরপাত্র। ওই নারী পরিবারের সাত সদস্যের সঙ্গে জাগিরোড থেকে দিমৌ যাচ্ছিলেন। পথে হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়।
বাসচালক বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামান। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।
সময় নষ্ট না করে এগিয়ে আসেন বাসের যাত্রীরা। প্রসবের সময় ওই নারীকে কিছুটা ব্যক্তিগত পরিসর দিতে পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। বাসের ভেতরে কম্বল ও কাপড় দিয়ে অস্থায়ী আড়ালের ব্যবস্থা করা হয়।
প্রসবের সময় নারীকে সহযোগিতা করেন বাসের যাত্রী ও কর্মীরা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই কন্যাসন্তানের জন্ম হয়।
এদিকে বাসচালক ও অন্যরা জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে একটি অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে কাছের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনই স্থিতিশীল রয়েছেন।
এ ঘটনায় মানবিকতার পরিচয় দিয়েছেন বাসমালিকও। তিনি ওই পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পাঁচ হাজার রুপি দিয়েছেন।











































