Home জাতীয় দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা

দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা

1

ঢাকা অফিস।।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরিরর কে এম এনায়েতুল করিম বলেছেন, তাহসিফের ‘বন্ধুর ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ যা বলেছে এবং করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ। আজ শনিবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার ছেলে অত্যন্ত মেধাবী একজন পাইলট, একজন কমিশন্ড অফিসার। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিল। সবার সঙ্গে তার চমৎকার সুসম্পর্ক ছিল। কারও কোনো সমস্যা শুনলে সে ছুটে যেত। যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকত। এমন ছেলের এমন দুর্ঘটনা আমরা একেবারেই মেনে নিতে পারছি না।’

ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে এনায়েতুল করিম বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হয় তাহসিফ। যাওয়ার সময় মাকে বলেছিল, আমি এক্ষুনি কথা বলে আসছি। এরপর আর বাসায় ফেরেনি সে। পরদিন ২৮ অক্টোবর বিকেলে, সন্ধ্যার আগে নৌ-পুলিশ আমাকে ফোন করে জানায়, রাজাবাড়ি ঘাটে আমার ছেলের মরদেহ পাওয়া গেছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক।’

ছেলের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে উত্তরখান থানায় একটি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘গতকাল আমি উত্তরখান থানা বরাবর একটি আবেদন করেছি। সেখানে আমার ছেলের মৃত্যুর কারণ উদ্‌ঘাটন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়েছি।’

এনায়েতুল করিম বলেন, তার ছেলের বন্ধু দীপের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীপ তাদের বাসায় যাতায়াত করতেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়াও করতেন। তাকে নিজের ছোট ছেলের মতোই দেখতেন তারা।

তিনি বলেন, ‘দীপ আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর আমার ছেলে আর ফিরে আসেনি। পিবিআইয়ের তদন্তের সামান্য কিছু আমি দেখেছি। সেখানে পরবর্তী সময়ে সে স্বীকার করেছে, তারা একসঙ্গে টঙ্গীতে গিয়েছিল। কিন্তু দীপ আমাকে বলেছিল, সে আমার ছেলেকে এই কম্পাউন্ডের (বাসার এলাকা) মধ্যে রেখে গিয়েছে। বিষয়গুলো আসলে প্রশ্নবিদ্ধ। এর সঙ্গে কে জড়িত বা কে কী করেছে, আমি বুঝতে পারছি না।’

ছেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এনায়েতুল করিম বলেন, ‘আমি আশা করি, সম্মানিত সাংবাদিকরা এ বিষয়ে আন্তরিক হবেন, যাতে প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হয়। রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, একজন সুনাগরিক হিসেবে এটাই আমার প্রত্যাশা।’

প্রসঙ্গত, তাহসিফ সাউরির হত্যা মামলায় তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার তাহসিফের বাবা হত্যা মামলা করলে সে মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।