Home খেলাধুলা ব্যর্থতা স্বীকার করে পরের ম্যাচে তাকিয়ে শান্ত

ব্যর্থতা স্বীকার করে পরের ম্যাচে তাকিয়ে শান্ত

2

স্পোর্টস ডেস্ক।।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মাটিতে ১-১ সমতায় সিরিজ শেষ করে পয়েন্ট তালিকার চারে উঠে আসার পর প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন হাতছানি দিচ্ছিল।

কিন্তু মিরপুরে আজ (৩১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে সেই আশা ফিকে হয়ে গেছে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যতটা না ভালো খেলেছে, এর চেয়ে বেশি খারাপ খেলেছে তার দল।

পরিকল্পনা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের সামলাতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয় স্বাগতিকেরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের বড় কারণ ছিলেন জোমেল ওয়ারিক্যান।

শান্তর মতে, প্রতিপক্ষের স্পিন আক্রমণ সামলানোর সামর্থ্য বাংলাদেশের ব্যাটারদের ছিল। কিন্তু মাঠে তা কাজে লাগানো যায়নি, ‘আমরা কখনো স্পিন ভালো খেলি, কখনো পেস বল ভালো খেলি। আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে, তাতে ওদের স্পিনারদের আরো ভালোভাবে সামলাতে পারতাম।

দুর্ভাগ্যবশত সেটা আমরা করতে পারিনি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে এরই মধ্যে নিজেদের সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চলমান ২০২৫-২৭ চক্রে পাকিস্তানকে ধবলধোলাই ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্রয়ের পর নিজেদের শেষ ৬ ম্যাচের ৪টিতে জিতলেই ফাইনালে উঠতে পারত শান্তর দল।

তবে এই সিরিজের আগে সেই সমীকরণ নয়; বরং প্রতিপক্ষকে কোন কৌশলে চাপে রাখা যায়, সেটিই ছিল মূল ভাবনা। অতীতে স্পিনারদের হাত ধরে সাফল্য পাওয়ার অভিজ্ঞতা থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানালেন শান্ত, ‘পয়েন্ট তালিকা চিন্তায় আসেনি।

আমি তো বারবার বলছি, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা চিন্তা করেই পিচ বানানো হয়েছে। বিশেষ করে কিভাবে তাদের চাপে ফেলা যায়, সেই চিন্তাতেই বানানো হয়েছে। কারণ, স্পিনাররা অতীতে আমাদের ম্যাচ জিতিয়েছে। সেই আত্মবিশ্বাস আগেও ছিল, এখনো আছে।’
এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে বাংলাদেশ; ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ।

তাই আপাতত কোনো সমীকরণ নয়, পরের টেস্টে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য শান্তর, ‘আমরা একবারে একটা ম্যাচ নিয়েই ভাবছি। এই ম্যাচে আমাদের সেরাটা খেলতে পারিনি। এখন দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে আছি, কিভাবে আমরা শক্তভাবে ফিরে আসতে পারি।’