স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগা পাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তার ওপর শহিদুল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শহিদুল ইসলাম লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা কিংবা অন্য কোনো পূর্বপরিকল্পিত কারণে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











































