Home বিনোদন ক্যানসার জানার পরই বিয়ের সিদ্ধান্ত

ক্যানসার জানার পরই বিয়ের সিদ্ধান্ত

1


বিনোদন ডেস্ক।।

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক হলেও বিয়ের বিষয়ে কখনো তেমন ভাবেননি বলিউড অভিনেত্রী হিনা খান ও তার প্রেমিক রকি জয়সওয়াল। তবে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা তাদের সিদ্ধান্ত বদলে দেয়। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের সঙ্গী রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা। মজার বিষয় হলো, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিয়ের অভিজ্ঞতা তুলে ধরেন হিনা। সেখানে তিনি জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আকস্মিক। আগে থেকে এ নিয়ে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না।

হিনা বলেন, রকির সঙ্গে তার সম্পর্ক এক দশকেরও বেশি সময়ের। বর্তমানে তাদের একসঙ্গে পথচলার সময় প্রায় ১৩-১৪ বছর। দীর্ঘ এই সময়ে বিয়ের বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি তারা। কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা তাকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অসুস্থতার সময় রকির সামনে দুটি পথ খোলা রেখেছিলেন তিনি। রকি চাইলে নিজের জীবন নতুন করে সাজিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন, অথবা তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। কারণ, ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না হিনা। শেষ পর্যন্ত রকি তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর দ্রুতই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।


অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। এ সময় সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। জবাবে হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল।

২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে পারিবারিক ও ঘরোয়া পরিবেশে বিয়ে করেন হিনা খান ও রকি জয়সওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।

বিয়ের পর তাদের সম্পর্কে খুব একটা পরিবর্তন আসেনি বলেও জানান হিনা। এমনকি নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর কথাও দুজনের কেউ মনে রাখতে পারেননি। পরে পরিবারের সদস্য ও পরিচিতজনদের শুভেচ্ছা পাওয়ার পর দিনটির কথা মনে পড়ে তাদের।