Home খেলাধুলা সাইবার ক্রাইম সংস্থার মুখোমুখি রিজওয়ান ও ইমাম

সাইবার ক্রাইম সংস্থার মুখোমুখি রিজওয়ান ও ইমাম

0


স্পোর্টস ডেস্ক।।


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর এবার বড় ধরনের আইনি ও প্রশাসনিক ঝামেলার মুখে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)-এর লাহোর কার্যালয়ে ম্যারাথন বা দীর্ঘ সময়ের জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন এই দুই ক্রিকেটার।

লর্ডসে দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয়ের পর দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে রিজওয়ান ও ইমাম অন্যতম। ওই ম্যাচের পরই প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলসহ এই খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে এনসিসিআইএ থেকে তলব পেয়ে গত বৃহস্পতিবার তারা হাজিরা দেন। ইএসপিএনের প্রতিবেদন বলছে, সাইবার ক্রাইম কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার পর অন্তত একজন খেলোয়াড়কে লিখিত প্রশ্নসংবলিত একটি প্রশ্নপত্র দেয়া হয়েছে, যার জবাব আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।


তবে ঠিক কী কারণে এই জিজ্ঞাসাবাদ, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভ্যন্তরীণ তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এর আগে পিসিবি শৃঙ্খলাভঙ্গ ও আচরণসংক্রান্ত মিডিয়া রিপোর্টের ভিত্তিতে একটি অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরুর ঘোষণা দেয়।

ইংল্যান্ড সফরে রিজওয়ানের ব্যাট একেবারেই কথা বলেনি। ক্যারিবিয়ান সফরের ব্যর্থতার পর লর্ডস টেস্টেও তার রান ছিল যথাক্রমে ৭ ও ১। বিশেষ করে, দ্বিতীয় ইনিংসে তার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে, লর্ডস টেস্টের প্রথম দিনই বাঁ পায়ের পেশিতে চোট পান ওপেনার ইমাম-উল-হক। যদিও চোট নিয়ে তার ম্যাচ খেলা ও ফিটনেস নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ।

দলের এই আমূল পরিবর্তনের পেছনে পারফরম্যান্সের বাইরেও অন্য কোনো কারণ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি রিজওয়ান ও ইমামকে দলে নেয়ার প্রক্রিয়া নিয়ে নির্বাচকদের কাছে ব্যাখ্যা তলব করা হয়। এর জের ধরে পদত্যাগ করেন নির্বাচক মিসবাহ-উল-হক। ক্রিকেট মাঠে লজ্জাজনক হারের পর মাঠের বাইরেও তদন্ত ও জিজ্ঞাসাবাদের এই ধারাবাহিকতা পাকিস্তান ক্রিকেটে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।