Home খেলাধুলা নাপোলিকে হারিয়ে আর্সেনালের শুভসূচনা

নাপোলিকে হারিয়ে আর্সেনালের শুভসূচনা

0


স্পোর্টস ডেস্ক

২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। বুধবার নাপোলির ঘরের মাঠ দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তার সেই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আর্সেনাল। ১৩ মিনিটে প্রথম ভালো সুযোগও তৈরি করে তারা। ভিক্টর ইয়োকেরেসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন বুকায়ো সাকা। তবে নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন।

এর দুই মিনিট পরই পাল্টা আক্রমণে যায় নাপোলি। কেভিন ডি ব্রুইনে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন। তবে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া সতর্ক থাকায় বলটি বিপদমুক্ত করেন। পরে বেন হোয়াইটও দ্রুত বল সরিয়ে দেন।

২২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল। এবেরেচি এজের পাস থেকে বল পেয়ে মিকেল মেরিনো শট নেন। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান মেরেত।

বিরতির আগে আরও একটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। ওডেগার্ডের কাছ থেকে পাওয়া বল কাজে লাগাতে পারেননি সাকা। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই ছিল সমানে সমান। ৫০ মিনিটে ওডেগার্ডের ক্রস থেকে বল পেয়ে শট নেন পিয়েরো হিনকাপিয়ে। কিন্তু তাঁর শট নাপোলির গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর দুই দলই একাধিক খেলোয়াড় পরিবর্তন করে। আর্সেনালের হয়ে মাঠে নামেন ক্রিস্তোস জোলিস। পরে তাঁর মাঠে নামার সিদ্ধান্তটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

৭৫ মিনিটে ওডেগার্ডকে গোলের সুযোগ তৈরি করে দেন জোলিস। আর্সেনালের অধিনায়কও সুযোগটি কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল আর্সেনাল। নোনি মাদুয়েকের শট থেকে ফিরে আসা বলে গোল করার সুযোগ পান জোলিস। কিন্তু এবার তিনি তা কাজে লাগাতে পারেননি।

শেষ দিকে সমতা ফেরাতে আর্সেনালের ওপর চাপ বাড়ায় নাপোলি। ৮৮ মিনিটে আবারও দূরপাল্লার শট নেন ডি ব্রুইনে। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।