Home আঞ্চলিক কুষ্টিয়ায় তিন জমজ ভাইয়ের অভাবনীয় সাফল্য, জিপিএ-৫ লাভ

কুষ্টিয়ায় তিন জমজ ভাইয়ের অভাবনীয় সাফল্য, জিপিএ-৫ লাভ

1

খুলনাঞ্চল রিপোর্ট।।

জন্ম ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর। জন্ম থেকে শুরু করে শৈশব, খেলাধুলা, ঘুম এবং টেবিলের পড়াশোনা—সবকিছুতেই যেন এক অদৃশ্য সুতোর বাঁধন। এবার সাফল্যের চূড়াতেও একসাথে পা রাখল কুষ্টিয়ার সেই তিন জমজ ভাই ফাহিম হোসাইন, ফরহাদ হোসাইন ও ফয়সাল হোসাইন। কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এবারের এসএসসি পরীক্ষায় তিন ভাই-ই জিপিএ-৫ অর্জন করেছে, সবকটি বিষয়েই পেয়েছে ‘এ প্লাস’।

কুষ্টিয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা মামুনুর রহমান ও গৃহিণী দম্পতির ঘর আলো করে এসেছিল এই তিন সন্তান। সন্তানের এমন গৌরবোজ্জ্বল অর্জনে আবেগাপ্লুত বাবা মামুনুর বলেন, “ওদের জন্মের আগে টানা ২৭ দিন হাসপাতালেই কাটতে হয়েছিল মায়ের। অনেক কষ্টের পর তারা আমাদের ঘরে এসেছিল। আজ তাদের এই সাফল্য আমাদের জীবনকে আরও আলোকিত করেছে।” ফলাফলের দিন সন্তানদের মানসিক সাহস দিতে নিজের অফিসে সাথে নিয়ে কম্পিউটার স্ক্রিনে ফল দেখেন তিনি। তিনজনেরই সব বিষয়ে ‘এ প্লাস’ দেখে কেঁদে ফেলেন আনন্দের অশ্রু।

তিন ভাইয়ের এই যৌথ সাফল্যের পেছনে ছিল নিবিড় বন্ধন ও পারস্পরিক সহযোগিতা। গৃহশিক্ষক রবিউল ইসলামের কাছে টানা দুই বছর বাড়ি বসেই প্রস্তুত করেছিল নিজেদের। পড়ালেখার ধরণ সম্পর্কে ফরহাদ জানায়, “আমরা একই টেবিলে বসতাম। রাতে দ্রুত ঘুমিয়ে খুব ভোরে পড়তে বসতাম।” গণিত তাদের তিনজনেরই ভীষণ প্রিয়।

ভবিষ্যৎ স্বপ্নেও তারা দেশসেবার শপথ নিয়েছে। তিন ভাইয়ের মধ্যে দুজন চিকিৎসক এবং একজন প্রকৌশলী হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়। উচ্চমাধ্যমিকের জন্য তারা কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তির আবেদন করেছে। অনন্য এই জিপিএ-৫ জয়ের খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।