মিলি রহমান।।
রাতে চুল বেণি করে ঘুমাতে যাওয়ার রীতি বহুদিনের। অনেকের ধারণা, এতে চুল তাড়াতাড়ি বাড়ে। আসলেই কি তাই? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে।
হেয়ার এক্সপার্টদের মতে, বেণি করলেই চুলের বৃদ্ধি দ্রুত হয়, এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চুল কতটা দ্রুত বাড়বে, তার অন্যতম প্রধান নিয়ামক জিনগত বৈশিষ্ট্য।
এর পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, ঘুম, মানসিক চাপ এবং চুলের সামগ্রিক যত্নও চুলের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বিশেষজ্ঞদের মতে, আলগা করে বেণি করে রাখলে চুলের উপর ঘর্ষণ ও জট পড়ার সমস্যা কিছুটা কমতে পারে। অনেক সময় খোলা চুলে ঘুমানোর সময় বালিশ বা চাদরের সঙ্গে ঘর্ষণে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হয়। বেণি করলে সেই ঘর্ষণ তুলনামূলকভাবে কমানো সম্ভব।
চুল খোলা রেখে ঘুমালে জটও পাকিয়ে যেতে পারে। পরে চিরুণি দিয়ে জট ছাড়ানোর সময় অতিরিক্ত টান পড়ে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সেই জায়গায় আলগা বেণি কিছুটা সুবিধা দিতে পারে। তবে এখানেও সতর্ক থাকতে হবে। খুব শক্ত করে বেণি বাঁধা একেবারেই উচিত নয়। দীর্ঘক্ষণ চুলের গোড়ায় টান পড়লে ফলিকলের উপর চাপ তৈরি হতে পারে। এর ফলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখতে বেণির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পুষ্টিকর ও সুষম খাবার। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সঠিক জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন জরুরি।











































