নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় আসামি জামিনে ছাড়া পেয়ে ১১টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সন্ধ্যায় লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় লোহাগড়া থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি সোহাগ মোল্যা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালত থেকে জামিনে মুক্তি পান।
জামিনে বেরিয়ে আসার পর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নেপুর মোল্যার নেতৃত্বে সোহাগ, মনির, আমিনুর, জামিনুর, আহাদ, ইলিয়াস, শিহাব, কাশেম মোল্যা, ইমদাদুল, মুসা মোল্যাসহ ৩০/৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ১১টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার ঘটনার খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মুসা মোল্যা, হারুন মোল্যাসহ একাধিক ভুক্তভোগী পরিবার জানায়, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোকন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতরা পুলিশের ওপর হামলার আসামি এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাদের ওপর হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।











































