তপু বিশ্বাস।।
খুলনা নগরীতে চালককে অচেতন করে নতুন ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে খুলনা শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া চালক সোহাগ (২৫) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নগরীর বয়রা মোড় এলাকা থেকে দুইজন পুরুষ ও একজন নারী যাত্রী পরিচয়ে সোহাগের ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করেন। পরে কৌশলে তারা তাকে শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে চক্রান্তকারীরা কোনো একপর্যায়ে সোহাগকে চেতনানাশক খাইয়ে অচেতন করে ফেলে রেখে নতুন ইজিবাইকটি নিয়ে সটকে পড়ে।
পরে স্থানীয় পথচারীরা তাকে নিথর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।
পরিবারের সদস্যরা জানান, হতদরিদ্র সোহাগ কিছুদিন আগেই চড়া সুদে ঋণ ও কিস্তিতে ইজিবাইকটি কিনেছিলেন। চালকের আসনে বসে অর্জিত সামান্য আয় দিয়েই চলত তাঁর পুরো পরিবার। গাড়িটি ছিনতাই হওয়ায় একদিকে যেমন পরিবারের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে গেছে, অন্যদিকে সোহাগের এই আশঙ্কাজনক অবস্থায় পরিবারটি চরম দিশেহারা হয়ে পড়েছে।
প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে সংঘবদ্ধ এই অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারে কেএমপি’র প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।











































