Home খেলাধুলা অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আসবে

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আসবে

3


ক্রীড়া ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার ক্যারিবীয়দের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে দুটি টেস্টের পাশাপাশি একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের প্রথম ম্যাচ হিসেবে ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

প্রস্তুতি ম্যাচ শেষে শুরু হবে মূল লড়াই। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটিও শুরু হবে সকাল ১০টায়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে সিলেটে। ৫ থেকে ৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেখানেও খেলা শুরু হবে সকাল ১০টায়। দুই দলের জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করার সুযোগ তৈরি করবে এই সিরিজ। বিশেষ করে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল পাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।