Home আঞ্চলিক মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

2


ঢাকা অফিস।।

মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তর নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেতেছ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইভী আক্তর (১৮) ওই এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে আইভী আক্তার ছোটবেলা থেকে তার চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় ১ বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সাথে পরিবারের অসম্মতিতে তার বিবাহ সম্পন্ন হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে পাড়ি জমান। কিছুদিন আগে আইভী তার চাচার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সন্ধ্যায় আইভির চাচা নামাজের জন্য বাহিরে যান। সে সময় তার স্ত্রীও চিকিৎসার জন্য বাসায় ছিলেন না। সে সময় আইভিকে একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে আইভির চাচা বাড়িতে এসে তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, ‘আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাহিরে ছিল। আমি নামাজ আদায়ের জন্য বাহিরে যাওয়ার আগে ঘরের মেইন গেট বাইরের দিক থেকে তালাবদ্ধ করে মসজিদে যাই। বাড়িতে ফিরে ঘরের গেট ভেতরের দিক থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। পরে কোন সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে ভাতিজির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। কারা আমার ভাতিজিকে হত্যা করেছে তা জানিনা। আমি এ ঘটনার বিচার চাই।’

ঘাতকরা চুরির উদ্দেশ্যে অথবা পরকীয়ার ক্ষোভ থেকে আইভীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহত আইভির মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। চুরি বা পরকীয়া ছাড়া অন্য কোনো বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি আটক করা হয়নি। তবে খুব শিগগিরি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’