ঢাকা অফিস।।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাত থেকে আগুন লেগেছে।
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ অ্যাভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুণের শিখা দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে
খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, ‘বেলা সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।










































