ঢাকা অফিস।।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে দেখা গেছে ১ হাজার ১১৯ জনের শরীরে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।
এ নিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ রোগীর এবং ১৯ হাজার ৯০৪ জন নিশ্চিত হামে আক্রান্ত।
এ সময়ে হাসপাতালগুলোয় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।










































