স্পোর্টস ডেস্ক।।
এশিয়ান গেমস সামনে রেখে আবাসন সংকটে পড়েছেন অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তারা। নির্ধারিত সক্ষমতার চেয়ে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক দেশকেই নিজেদের মতো করে থাকার ব্যবস্থা করে নিতে হচ্ছে।
এমনকি ভারত ক্রিকেট দলকেও রুম ভাগাভাগি করে থাকতে হবে। তবে এই সংকটের আঁচ লাগছে না বাংলাদেশ ক্রিকেট দলে।
আগেভাগে আবাসনের ব্যবস্থা করায় স্বস্তিতেই থাকছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ২০ সদস্যের জন্য ১৯টি কক্ষ বরাদ্দ হয়েছে।
ফলে একজনকে কক্ষ ভাগাভাগি করতে হলেও দলের বাকি সবাই থাকবেন আলাদা কক্ষে। সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি মেজর ইমরোজ।
এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ভারত প্রতিটা রুম শেয়ার করছে। ২৫ জন, ২২ জন গেলে ২০টা রুম পাবে না। ১১টা রুমে থাকবে। বাংলাদেশ দলের ২০ জন যাচ্ছে, ১৯টা রুম দিয়েছি। সবাই আলাদা আলাদা রুমে থাকবে, একজনকে শেয়ার করতে হচ্ছে। ধরে নেন কেউ না কেউ ভালো কাজ করেছে, অগ্রিম কাজ করে এটা করেছে। এই কারণে আমাদের ক্রিকেট দলকে ভুগতে হচ্ছে না।’
বাংলাদেশের জন্য এই সুবিধা পাওয়ার পেছনে আগেভাগে পরিকল্পনাকেই কৃতিত্ব দিচ্ছেন বিওএর এই কর্মকর্তা। তার দাবি, আবাসনের বিষয়টি আগে থেকেই নিশ্চিত করায় শেষ মুহূর্তে জায়গা নিয়ে সংকটে পড়তে হয়নি বাংলাদেশক, ‘ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু তাদের ক্রিকেট দলকে বলে দিয়েছে, “সবাই সমান, বিশেষ কোনো অনুরোধ করা যাবে না। আমরা তোমাদের রুম দিতে পারবো না। ভারত ক্রিকেট দল কিন্তু একটু যন্ত্রণায় আছে। আমরা এটা পেরেছি, আমরা একটু আগে থেকে কাজ করেছি, এই জন্য পেরেছ।’
এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে শুরুতে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার আবাসনের পরিকল্পনা করেছিল আয়োজক কমিটি। কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাওয়ায় আবাসন ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। নতুন কিছু খেলা অন্তর্ভুক্ত হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছে আয়োজকরা।
এই বাড়তি চাপ সামলাতে অনেক কর্মকর্তা ও দলের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হয়েছে। ফলে কোন দেশ কতটি কক্ষ পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের রুম ভাগাভাগির বিষয়টি সামনে এসেছে।
বাংলাদেশ অবশ্য শুরুতেই নিজেদের আবাসন নিয়ে কাজ করায় সেই সংকট থেকে অনেকটাই মুক্ত। ২০ সদস্যের দলের জন্য ১৯টি কক্ষ পাওয়ায় অন্তত থাকার জায়গা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হচ্ছে না ক্রিকেটারদের।
এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের পুরুষ দলও অংশ নিচ্ছে। এবারের আসরে সোনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। ক্রিকেটে ভালো ফলের পাশাপাশি মাঠের বাইরের প্রস্তুতিতেও তাই আপাতত এগিয়ে বাংলাদেশ।











































