স্টাফ রিপোর্টার।।
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং হোটেল সানডে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ফারুক আবেদীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম ফারুক আবেদীন খুলনা নগরীর শেখপাড়া ও নূরনগর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি একজন অত্যন্ত সফল ও সুনামধন্য ব্যবসায়ী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হোটেল সানডে ইন্টারন্যাশনালের মালিকানা ছাড়াও স্বনামধন্য সি অ্যান্ড এফ এজেন্ট, বিভাগীয় ও কেন্দ্রীয় সড়ক পরিবহন ঠিকাদার এবং খুলনার রুজভেল্ট জেটির (৭ নং ঘাট) শ্রমিক ঠিকাদার হিসেবে দীর্ঘদিন সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং খুলনার ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় খুলনাবাসীসহ সবার নিকট দোয়ার খাস দরখাস্ত করা হয়েছে।










































