Home আঞ্চলিক সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই: শফিকুল আলম...

সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই: শফিকুল আলম মনা

6

।। খবর বিজ্ঞপ্তি।।
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বাসযোগ্য ও সবুজ খুলনা গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ডের কারণে আজ আমাদের প্রকৃতি চরম হুমকির মুখে পড়েছে। সেই বিষাক্ত প্রভাব থেকে দেশকে মুক্ত করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার বৈকালীস্থ আপার যশোর রোড এলাকার বিভাগীয় স্টেডিয়ামে বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। একটি গাছ শুধু পরিবেশই বাঁচায় না, ভবিষ্যতের প্রজন্মের জন্য সুস্থ জীবনের নিশ্চয়তা দেয়। আমরা বিশ্বাস করি, শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব স্ব-স্ব স্থান থেকে অন্তত দুটি করে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করা এবং তা যত্নসহকারে লালন-পালন করা।


কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা কেবল রাজনীতির পরিবর্তন চাই না; আমরা চাই একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সবুজ পরিবেশভিত্তিক শহর। খুলনাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় অব্যাহত থাকবে।


উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, স ম আবদুর রহমান, আবুল কালাম জিয়া, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুল আজিজ সুমন, ইঞ্জি. নূর ইসলাম বাচ্চু, নিশাত জামান, মো. তাজিম বিশ্বাস, জাকির ইকবাল বাপ্পি, কাজী শামীম, মোস্তফা কামাল, শান্ত, হায়দার আলী তরফদার, মো. জাহিদুল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, গোলাম মোস্তফা ভুট্টো, মো. রিপন, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, রফিকুল ইসলাম রফিক, নিঘাত সীমা, নুরু, মিজানুর রহমান মিজান, আলাউদ্দিন তালুকদার, মিরাজ হোসেন মানিক প্রমুখ।