স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে দিন দিন বৃদ্ধি পাওয়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি এবং সংগঠনের আগামী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ‘নাগরিক আন্দোলন খুলনা’-র এক গুরুত্বপূর্ণ নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) ভবনে আয়োজিত এ সভায় খুলনার বর্তমান নাগরিক সংকট ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা: খুলনার বিভিন্ন ড্রেন ও সুয়ারেজ চেম্বারে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি নাগরিক আন্দোলন খুলনা-র উদ্যোগে শহরের মোড়ে মোড়ে সচেতনতামূলক প্রচার ও মশক নিধন অভিযানের তাগিদ দেওয়া হয়।
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: সম্প্রতি নগরীতে চুরির ঘটনা, পাবলিক প্লেসে উত্যক্তকরণ এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
১লা অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পরিকল্পনা: আগামী ১লা অক্টোবর নাগরিক আন্দোলন খুলনার প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ও অর্থবহভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে প্রবীণ নাগরিক সংবর্ধনা, জনসম্পৃক্ত কর্মসূচী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা আয়োজনের খসড়া পরিকল্পনা নেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জি এম আঃ রব, আঃ সবুর, টিপু সুলতান, আঃ খালেক শিকদার, অ্যাডভোকেট এ বি এম এনামুল, ডঃ এস কে ইমতিয়াজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সুশীল ও রাজনৈতিক নেতৃত্ব।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, খুলনার সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো নিরসনে আগামী দিনেও ‘নাগরিক আন্দোলন খুলনা’ রাজপথে সোচ্চার থাকবে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালিয়ে যাবে।











































