স্পোর্টস ডেস্ক।।
দলীপ ট্রফিতে অভিষেক ম্যাচেই বড় চমক দিয়েছিল বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে জোড়া উইকেট নিয়ে দাপট দেখিয়েছিল বৈভব।
এবার লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেকেই নজর কাড়লো ১৫ বছরর এই তরুণ ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, দলীপ ট্রফির সেমি ফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ম্যাচে ইস্ট জোনের স্ট্যান্ডইন অধিনায়ক হিসেবে প্রথম রিভিউতেই সফল হলো বৈভব। গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিআরএস নিয়ে ম্যাচের মোড় ঘোরাল এই তরুণ তুর্কি। বৈভবের এই এক সিদ্ধান্তেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিল পূর্বাঞ্চল।
ম্যাচের ১৯তম ওভারে আঙুলে চোট পান ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষান। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব পায় বৈভব। এই সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ১৫ বছরের ক্রিকেটার। তবে অধিনায়ক হিসেবে অভিষেকেই সে বুঝিয়ে দিলেন, মাঠের পরিস্থিতির ওপরে তার নজর কতটা তীক্ষ্ণ।
ঘটনাটি ঘটে সেন্ট্রাল জোনের ইনিংসের ৪০তম ওভারে। পেসার মুকেশ কুমার কট আউটের আবেদন তোলেন মধ্যাঞ্চলের সেট ব্যাটার আরিয়ান জুয়েলের বিরুদ্ধে। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করছিল বৈভব। তারও মনে হয়েছিল, মুকেশের লেংথ ডেলিভারিতে জুয়েলের ব্যাটের কানায় বল লেগেছে।
তাই মুকেশও বৈভবকে রিভিউ নেওয়ার ব্যাপারে রাজি করায়। শেষ পর্যন্ত ১৫ বছর বয়সী অধিনায়ক বৈভব রিভিউ নেয়।
এরপরেই আসে বৈভবের অধিনায়কত্বের প্রথম বড় মুহূর্ত। রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়ে আল্ট্রএইজে স্পষ্ট দেখা যাচ্ছিলো বল ব্যাটে লেগেছিল। ফলে মাঠের আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। বৈভবের অনুমান একেবারে ঠিক প্রমাণিত হয়। প্রথম রিভিউতেই সাফল্য পেয়ে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠে এই তরুণ তারকা ক্রিকেটার।
ঈশান কিষান মাঠের বাইরে থাকায় উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন কুমার কুশাগ্র। রিভিউ নেওয়ার সিদ্ধান্তে বৈভবকে রাজি করাতে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে জুয়েলের আউটের পর বৈভবের সঙ্গে কুশাগ্রও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে পড়েন। ৪০ তম ওভারে এই উইকেট পড়ার পরে সেন্ট্রাল জোনের স্কোর দাঁড়ায় ৯৯/৪। হাফ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা জুয়েলকে আউট হয়ে ফিরতে হয়।
দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটাই ছিল বৈভবের প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা। ঈশান চোট পাওয়ার পরে প্রায় ২০ ওভার দলকে নেতৃত্ব দেয় বৈভব। পরে আঙুলে টেপ লাগিয়ে মাঠে ফেরেন ঈশান। তবে তিনি আর উইকেটকিপিংয়ের দায়িত্ব নেননি। তবে মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর অধিনায়ক হিসেবে প্রথম রিভিউতে সাফল্য নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর চর্চা চলছে।









































