স্পোর্টস ডেস্ক।।
আর্লিং হালান্ড ও রায়ান শেরকির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে এনজো মারেস্কার দল।
ম্যাচের ১৭ মিনিটে সেমেনিওর ক্রস থেকে দারুণ হেডে সিটিকে এগিয়ে দেন হালান্ড। এই গোলের মাধ্যমে প্যালেসের বিপক্ষে টানা ছয় ম্যাচেই গোল করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি। এটিও নতুন রেকর্ড।
দ্বিতীয়ার্ধে সিটির ব্যবধান বাড়ান শেরকি। ৫৪ মিনিটে ফিল ফোডেনের পাস ধরে দারুণ একক প্রচেষ্টায় গোল করেন তিনি। দুই মিনিট পর অবশ্য ইয়্যারেমি পিনোর ফ্রি-কিক দোন্নারুমার পিঠে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে ব্যবধান কমায় প্যালেস। তবে তিন মিনিট পরই আবার জালের দেখা পান শেরকি। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
শেষ দিকে হালান্ডও পূর্ণ করেন জোড়া গোল। ৮৪ মিনিটে ফোডেনের পাস থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে প্যালেসের গোলমুখে ৯টি শট লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে স্বাগতিকদের মাত্র একটি শট ছিল অন-টার্গেট।











































