Home খেলাধুলা তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে চিন্তায় মরিনিয়ো

তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে চিন্তায় মরিনিয়ো

0

স্পোর্টস ডেস্ক।।

সেপ্টেম্বরের তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো। জাতীয় দলের খেলার জন্য এত লম্বা সময় খেলোয়াড়দের ক্লাবের বাইরে থাকতে হওয়াকে কঠিন পরিস্থিতি হিসেবে দেখছেন পর্তুগিজ কোচ। বিশেষ করে জাতীয় দলে ডাক পাওয়ার পরও যারা নিয়মিত ম্যাচ খেলবেন না, তাদের নিয়ে বেশি চিন্তিত তিনি।

আগামী মাসের আন্তর্জাতিক বিরতি হবে ২০২৬-২৭ মৌসুমের প্রথম বিরতি। সেপ্টেম্বরের প্রচলিত বিরতির সঙ্গে অক্টোবরের বিরতি মিলিয়ে এবার সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে টানা তিন সপ্তাহ আন্তর্জাতিক ফুটবল চলবে। এই সময়ে জাতীয় দলগুলো দুটি ম্যাচের পরিবর্তে চারটি ম্যাচ খেলবে।

ফলে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবগুলোকে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই অনুশীলন ও প্রস্তুতি নিতে হবে। রোববার মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, ‘আন্তর্জাতিক বিরতি আমাকে চিন্তায় ফেলছে। সময়টা অনেক বেশি।’

মরিনিয়োর কাছে অবশ্য জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তা তুলনামূলক কম, ‘যেসব খেলোয়াড় জাতীয় দলে গিয়ে খেলবে, তারা আমাকে খুব বেশি চিন্তায় ফেলে না। যারা জাতীয় দলে যাবে কিন্তু খুব একটা খেলবে না, তাদের নিয়েই আমি বেশি চিন্তিত।’

ক্লাবের অনুশীলনে খেলোয়াড়দের না পাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেন মরিনিয়ো। তিনি বলেন, ‘দেখা যাক আমরা কীভাবে বিষয়টি সামলাই এবং বাকি খেলোয়াড়দের নিয়ে কাজ করি। কিন্তু তিন সপ্তাহ খেলোয়াড়দের আমার হাতে না পাওয়া কঠিন পরিস্থিতি।’

দীর্ঘ বিরতি হওয়ায় চোটের আশঙ্কাই মরিনিয়োর সবচেয়ে বড় উদ্বেগ। রিয়াল কোচ বলেন, ‘আমি খেলোয়াড়দের সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করি এবং বিষয়টিকে অতিরিক্ত নাটকীয় করে তুলতে চাই না। কিন্তু প্রায়ই দেখা যায়, আন্তর্জাতিক বিরতির সময় অথবা বিরতি শেষে ক্লাবে ফেরার পর খেলোয়াড়রা চোটে পড়ে। তাই বিষয়টি আমাকে চিন্তায় ফেলে। তবে এভাবেই সবকিছু চলছে, আর এ ব্যাপারে আমাদের আসলে খুব বেশি কিছু করারও নেই।’

চোটের ঝুঁকি কমাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাজের চাপ ও ম্যাচ খেলার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ক্লাব কাজ করছে বলেও জানান মরিনিয়ো।