বিনোদন ডেস্ক।।
হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ তারকাখ্যাতির পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন। তবে এবার সেই ব্যবসায়িক কর্মকাণ্ড ঘিরেই আইনি জটিলতায় পড়েছেন তিনি।
সেলেনার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) প্রতারণার অভিযোগ তুলেছেন পাঁচ বিনিয়োগকারী। তাদের দাবি, সেলেনা ও তার মায়ের প্রতিষ্ঠিত মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘ওয়ান্ডারমাইন্ড’-এ বিনিয়োগ করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রায় পাঁচ বছর আগে মায়ের সঙ্গে মিলে ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন সেলেনা গোমেজ। বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি তিনি। একই সঙ্গে চুক্তিতে থাকা কিছু শর্তও লঙ্ঘন করেছেন বলে দাবি তাদের।
বিনিয়োগকারীদের ভাষ্য, বিশ্বের অন্যতম পরিচিত নারী সেলেনা গোমেজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তার এই জনপ্রিয়তা ও প্রভাবকে কোম্পানির বিপণন কার্যক্রমে কাজে লাগানোর প্রত্যাশা থেকেই তারা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন।
তাদের অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী সেলেনা কোম্পানির কার্যক্রমে ভূমিকা রাখেননি। এতে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। তবে বিনিয়োগকারীদের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সেলেনা গোমেজের আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট। আদালতে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ‘অস্পষ্ট, সাধারণীকৃত ও পরস্পরবিরোধী’ বলে উল্লেখ করেছেন।

রোজেনগার্টের ভাষ্য, সেলেনা কখনোই কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেননি। বিনিয়োগকারীরা তার কাছ থেকে যে ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন, সেগুলোও তিনি দেননি।
তাই সেলেনার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও তুচ্ছ বলেও দাবি করেছেন তার আইনজীবী।
এদিকে, মামলাটি থেকে সেলেনা গোমেজকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে তার আইনি দল। একই সঙ্গে বাদীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এই আইনি বিরোধে সেলেনা গোমেজের পাশাপাশি তার মায়ের ভূমিকাও আলোচনায় এসেছে। কারণ ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠার সঙ্গে তিনিও সরাসরি যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক ও পেশাদার দায়িত্বের সীমারেখা অনেক সময় জটিল হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংকটকালীন জনসংযোগ বিশেষজ্ঞ লরেন বিচিংয়ের মতে, পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব ও জবাবদিহির কাঠামো শুরু থেকেই স্পষ্ট থাকা প্রয়োজন।
তার পরামর্শ, প্রতিষ্ঠানের প্রত্যেক ব্যক্তির দায়িত্ব নির্দিষ্ট করা, স্বাধীন তদারকির ব্যবস্থা রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম পরিকল্পনা করা জরুরি। তার মতে, পারিবারিক সম্পর্ককে কখনোই একটি প্রতিষ্ঠানের পরিচালন কাঠামোর বিকল্প হিসেবে দেখা উচিত নয়।
সেলেনা গোমেজের দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিষয়টি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। তবে এই আইনি বিরোধ তার দীর্ঘমেয়াদি সুনামে বড় ধরনের প্রভাব ফেলবে কি না, তা এখনই বলা কঠিন।
বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক শিরোনামে আসা এবং স্থায়ীভাবে সুনাম ক্ষুণ্ন হওয়া- দুটি এক বিষয় নয়। মামলার পরবর্তী অগ্রগতি এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিষয়টির প্রভাব নির্ধারণ করবে।











































