Home আঞ্চলিক খুকৃবি উপাচার্যের মুকুটে নতুন পালক: ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন আসাদুজ্জামান সরকার

খুকৃবি উপাচার্যের মুকুটে নতুন পালক: ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন আসাদুজ্জামান সরকার

63

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মর্যাদাপূর্ণ খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যায়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। দেশের উচ্চশিক্ষা খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে বইছে আনন্দের জোয়ার।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসানের মেয়াদ পূর্ণ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে প্রফেসর ড. আসাদুজ্জামান সরকারকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। দায়িত্ব গ্রহণের অতি অল্প সময়ের মধ্যেই তাঁর এই অর্জনকে কেবল তাঁর ব্যক্তিগত অর্জনের অংশ হিসেবেই নয়, বরং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান মর্যাদা ও অগ্রগতির এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল।

ইউজিসির প্রাতিষ্ঠানিক কাঠামো অনুযায়ী, কমিশনে একজন চেয়ারম্যান, পাঁচজন পূর্ণকালীন সদস্য এবং নয়জন খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নয়জন খণ্ডকালীন সদস্যের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের মধ্য থেকে পর্যায়ক্রমে ৩ জন, অধ্যাপক ও ডিনদের মধ্য থেকে ৩ জন এবং সরকার মনোনীত ৩ জন সদস্য অন্তর্ভুক্ত হন। বর্তমানে ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মামুন আহমেদ।

প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার ইউজিসির খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রত্যাশা, ড. আসাদুজ্জামান সরকারের এই নতুন দিগন্তের সুবাদে খুকৃবির একাডেমিক ও প্রশাসনিক সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সামগ্রিক মান উন্নয়নে এক নতুন গতি সঞ্চারিত হবে।