মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘা আয়তনের একটি বিশালাকার মৎস্য ঘেরের দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫) ও জুয়েল চৌকিদারকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭) ও শহিদ হাওলাদারকে (৫০) বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মাসুদ শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ঘেরের মালিকানা নিয়ে বিরোধে থাকা নাজিম মাহমুদ জুয়েল অভিযোগ করেন, “রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘেরে আচমকা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।”
তবে এই অভিযোগ অস্বীকার করে রাকিব হাওলাদার পাল্টা দাবি করেন, “জুয়েলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি বাহিনী ঘেরে হামলা চালিয়ে মাছ লুটের চেষ্টা করে। একপর্যায়ে তারা ঘেরের একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, ৪৮ বিঘার ওই মৎস্য ঘেরটির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। ইতিপূর্বেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
সংঘর্ষে জড়ানো কয়েকজন ব্যক্তির সাথে বিএনপির রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে গুঞ্জন থাকলেও, তাৎক্ষণিকভাবে কোনো দলীয় সূত্র থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণপদ সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








































