Home জাতীয় রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা, পচনের কারণে মুখ বীভৎস: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা, পচনের কারণে মুখ বীভৎস: ময়নাতদন্তকারী চিকিৎসক

1


খুলনাঞ্চল রিপোর্ট
রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাঁদের মুখের কাছে পাওয়া তরল পদার্থ কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্নের কারণে নয়; মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস। সোমবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে মোবাইল ফোনে বাবলু কুমার বিশ্বাস বলেন, ‘ডেডবডি যখন পচে ওঠে, তখন এঙ্পোজড এরিয়াগুলো যেগুলো পোশাকের বাইরে থাকে, ওগুলো অনেক সময় একটু কালো দেখায়। ওটা ধারণা করা হইছে। ওটা কোনো ধরনের কেমিক্যাল বার্ন বা এরকম কোনো কিছু ছিল না।’


বাবলু কুমার বিশ্বাস আরও বলেন, ‘কালো দেখাচ্ছে এটা ঠিক। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ওটা বললাম যে এটা ডিকম্পোজিশন প্রসেসে, মানে ব্লাড যখন পচে যেতে থাকে, তখন কালারগুলি আস্তে আস্তে এরকম হয়ে যায়। এটা জাস্ট একটা প্রসেস আরকি, পচনের একটা প্রসেস। সাধারণত মরে গেলে তাজা মানুষই দেখি, পচা মানুষ তো আর খুব বেশি দেখা যায় না। যে কারণে যে দেখেনি তার কাছে তো এরকমই মনে হবে। কিন্তু এমনি কোনো কেমিক্যাল বার্ন-টার্নের কোনো চিহ্ন সেখানে নাই।’ হত্যার বিষয়ে বাবলু কুমার বিশ্বাস বলেন, ‘শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে এবং ওই যে মনে করেন যে ধস্তাধস্তির বিভিন্ন জায়গায় হয়তো একটু আঘাত-টাঘাত আছে, এই। তাছাড়া অন্য কিছু নাই।’ এর আগে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের পর তাঁদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায় পুলিশ।

নিহতদের মুখ ‘বীভৎস’ ছিল বলে জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ কারণে মরদেহে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।