খুলনাঞ্চল রিপোর্ট।।
সিলেটের ওসমানীনগরে মহাসড়কের ভয়াবহ রক্তক্ষরণ থামছেই না। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন প্রাণ হারানোর ক্ষত শুকাতে না শুকাতেই মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের সড়কে ঝরল চার প্রাণ। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বেলা আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও কন্যাসন্তানসহ অটোরিকশাচালক প্রাণ হারান।
নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী এলাকার নিয়ামত আলী, তাঁর স্ত্রী ও শিশু কন্যা এবং অন্যজন মৌলভীবাজারের শেরপুর এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা ডিপোর একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সজোড়ে চাপা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হলে তাঁদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে উল্টো পথে যাওয়ার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাসিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন যাত্রী নিহত হয়েছিলেন। টানা সড়ক দুর্ঘটনায় ওই রুটে চলাচলকারী সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।










































