স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ ও সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি মাঠে নামছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। মশা নিধনে স্থানীয় সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের ঘাটতি ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে এবার নিজস্ব অর্থায়নে ফগিং (ধোঁয়া ছিটানো) ও লার্ভিসাইড স্প্রে করার এক ব্যাপক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
এরই অংশ হিসেবে সংগঠনের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে একাধিক ফগার মেশিন ও ডেঙ্গুর লার্ভা ধ্বংসকারী প্রয়োজনীয় ওষুধ কেনা সম্পন্ন হয়েছে। আজকালের মধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে, বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার অনেক বেশি-সেসব এলাকায় আনুষ্ঠানিকভাবে এই মশক নিধন ও লার্ভিসাইড ছিটানো কার্যক্রম পরিচালনা শুরু করা হবে।
সংগঠনের মহানগর আহবায়ক মিরাজুর রহমান মিরাজ জানায়, খুলনায় প্রতিদিন নতুন করে শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর স্থান সংকট ও প্লাটিলেটের জন্য হাহাকার। এমন সংকটময় ও মানবিক পরিস্থিতিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল চুপ করে বসে না থেকে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশক্রমে সরাসরি সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নগরবাসীকে ডেঙ্গুর এই মহামারী থেকে রক্ষা করতে শুধু মুখে দাবি না জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের ড্রেন, জমা পানি, নালা-নর্দমা, ঝোপঝাড় এবং অলিগলিতে ফগিং মেশিন দিয়ে ওষুধ ছিটানো হবে। পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রতিটি পরিবারকে বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার রাখার অনুরোধ জানানো হবে।
তিনি আরও জানান, মশক নিধন অভিযানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও দুস্থ ডেঙ্গু রোগীদের সেবায় ‘বিশেষ সহায়তা সেল’ গঠনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরবাসীর জীবনের সুরক্ষায় স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক শক্তি নিয়ে রাজপথে ও সাধারণ মানুষের পাশে থাকবে।










































