স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে চাপে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথমবার টেস্ট হারার পর এখন সিরিজ খোয়ানোর শঙ্কায় অজিরা। এমন কঠিন সময়ে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস অ্যালেক্স ক্যারির।
দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন ক্যারি। চ্যালেঞ্জিং মুহূর্তে অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে জানিয়ে উইকেটরক্ষক বলেছেন, ‘শুধু এটুকুই বলতে পারি, দলটা যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাই আগামী শনিবারের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’
ডারউইন টেস্টের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে শোধরাবেন বলেও জানান ক্যারি। ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘গত সপ্তাহের ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা চিন্তা করেছি, নিজেদের মধ্যে কথা বলেছি। ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা করিনি।
খেলার মধ্যেই আমরা এসব আলোচনা করেছি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে মাঠের পরিস্থিতি ছিল দুই রকম। মাঝে দুটো উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কম ছিল। স্কয়ার অঞ্চলের ফিল্ডারদের ওপর দিয়ে শট খেলা বেশ কঠিন ছিল। প্রতিপক্ষ খুব সুশৃঙ্খলভাবে খেলেছে, আর এটা থেকে আমরা অনেক কিছু শিখব। ’
আগামী ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকাইয়ে। সেই টেস্ট জিতলে তো অবশ্যই ড্র করলেও অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারাতে পারবে বাংলাদেশ।










































