Home খেলাধুলা ভারতের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ব্যাটসম্যান

ভারতের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ব্যাটসম্যান

0

স্পোর্টস ডেস্ক।।

ভারত বনাম শ্রীলংকা প্রথম টেস্টের চতুর্থ দিনে একটি ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় তারকা ধ্রুব জুরেলের নেওয়া সেই ক্যাচের আগে বল মাটিতে লেগেছে কি না তা নিয়ে বিতর্ক হচ্ছে। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় অবাক হয়ে ফিরলেন লংকান ব্যাটসম্যান। আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ধারাভাষ্যকাররাও।

ঘটনাটি ঘটে গল টেস্টে শ্রীলংকার চতুর্থ ইনিংসের ২২তম ওভারের চতুর্থ বলে। ওভারটি করছিলেন মানব সুতার। বল লাহিরু উদারার ব্যাটে লেগে জুরেলের হাতে জমা পড়ে। উদারা নিশ্চিত ছিলেন না যে জুরেল ক্যাচটি বৈধ ভাবে ধরেছেন কি না।

সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় তৃতীয় আম্পায়ার রবীন্দ্র উইমাসিরিকে। রিপ্লেতে দেখা যায়, বল জুরেলের হাতে জমা পড়েছে ঠিকই। কিন্তু ক্যাচ নেওয়ার মুহূর্তে জুরেল কিছুটা এগিয়ে এসেছিলেন। ফলে বল মাটি স্পর্শ করে। জুরেলের আঙুল বলের নীচে ছিল কিনা সেটাও স্পষ্ট বোঝা যায়নি।

তৃতীয় আম্পায়ার উইমাসিরির অবশ্য সমস্যা হয়নি। তিনি বেশ কয়েকবার রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। উদারা এই সিদ্ধান্তে অবাক হয়ে যান। তিনি প্রথমে মাঠ ছাড়তেই চাইছিলেন না। কিছুক্ষণ পর অবাক হয়ে মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফিরেন।

শ্রীলংকার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড ধারাভাষ্যের সময় বলেন, ‘বল যে মাটিতে লেগেছে সেটা বোঝা গিয়েছে। সকলেই সেটা দেখতে পেয়েছে। ধীরগতিতে দেখলে বোঝা যাবে জুরেলের আঙুল পিছনে ছিল। বলের সামনের অংশ স্পষ্ট মাটিতে লেগেছে।’