Home আলোচিত সংবাদ চার জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

চার জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

0


ঢাকা অফিস।।

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

আমাদের সময় প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি স্থানে চারজন, গোপালগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে দুজন এবং রাজবাড়ীতে একজন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় প্রায় ৩৭ জন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে চারজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে মো. আসাদ (২১) মারা যান। এ সময় আহত জাবির আলীকে (২০) উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে একই উপজেলায় মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮) নিহত হন।

সিরাজগঞ্জে দুজন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ভোররাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে আসেনি। ফলে উত্তেজিত জনতা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গোপালগঞ্জে তিনজন নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সে সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া এই ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রাজবাড়ীতে একজন নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পৃথক তিন দুঘর্টনায় একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একটি গরুর মৃত্যুসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ে বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠ বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।

দুপুর দেড়টার দিকে একই মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে কালুখালী ও পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী চাঁদপুর এলাকায় গরু বোঝাই ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে একটি গরু মারা যায় এবং ওই ট্রাকের চালক ও সহযোগী আহত হন।