Home Lead রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

51

রূপসা প্রতিনিধি।।

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

আহত মীর মামুন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত মীর মামুনকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গুলির শব্দে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলার সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।