স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আঙুলের চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে শান মাসুদের ফিটনেস নিয়ে পাওয়া গেছে আশাব্যঞ্জক খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাতে চোট পেয়েছিলেন বাবর। এরপর বেকেনহামে কাউন্টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই জায়গায় ফের আঘাত পান তিনি। ব্যথার কারণে ওই ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
লিডসের হেডিংলিতে অনুশীলনের প্রথম দিনে বাবরকে অল্প সময়ের জন্য থ্রো-ডাউন ও ব্যাটিং করতে দেখা যায়। তবে ব্যাটিংয়ের সময় তাকে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে মনে হয়নি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা এখনো নিশ্চিত নয়।
বাবর শেষ পর্যন্ত না খেললে পাকিস্তানের মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফর—দুজনেরই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়বে।
অন্যদিকে শান মাসুদকে নিয়ে পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে ফ্র্যাকচারের পর তিনি দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে হেডিংলিতে পুরো সেশন ব্যাটিং অনুশীলন করেছেন শান এবং তাকে বেশ ছন্দে দেখা গেছে। তার ফিটনেস নিয়ে পাকিস্তানের মেডিকেল টিমও সন্তোষজনক মতামত দিয়েছে।










































