স্পোর্টস ডেস্ক।।
নতুন ইতিহাস লিখলেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বাহুবন্ধনী পরার কীর্তি গড়তে চলেছেন তিনি।
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। হান্সি ফ্লিকের অধীনে গত কয়েক মৌসুমে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পাশাপাশি ড্রেসিংরুমেও নিজের নেতৃত্বের জায়গা তৈরি করেছেন তিনি।
নতুন মৌসুমের আগে বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। গত মৌসুমের প্রথম অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে এবং দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাউহো ধারে লিভারপুলে চলে গেছেন। ফলে অধিনায়কত্বের শীর্ষ পদটি খালি হয়ে যায়।
এই পরিস্থিতিতে রাফিনিয়াকে প্রথম অধিনায়ক করা হয়েছে। তার পরের দায়িত্বে থাকবেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধিনায়ক হিসেবে থাকবেন পেদ্রি, গাভি ও এরিক গার্সিয়া।
২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়কের ক্রম
রাফিনিয়া 》 প্রথম অধিনায়ক।
ফ্রেঙ্কি ডি ইয়ং 》 দ্বিতীয় অধিনায়ক।
পেদ্রি 》 তৃতীয় অধিনায়ক।
গাভি 》 চতুর্থ অধিনায়ক।
এরিক গার্সিয়া 》 পঞ্চম অধিনায়ক।
রাফিনিয়ার জন্য এই দায়িত্ব শুধু নেতৃত্বের স্বীকৃতি নয়, ক্লাবটির ইতিহাসেও বিশেষ একটি অর্জন। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলার বার্সার জার্সি পরেছেন। কিন্তু রাফিনিয়ার আগে কেউ ক্লাবটির প্রথম বা মূল অধিনায়ক হতে পারেননি।
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন রাফিনিয়া। এর মধ্যে তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ। ২০২৫ সালে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন রাফিনিয়া। একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতাদের তালিকাতেও ছিলেন এই উইঙ্গার।
বার্সেলোনার হয়ে গোলের দিক থেকেও রাফিনিয়া ইতিমধ্যে ক্লাবের ইতিহাসের সেরা ব্রাজিলিয়ানদের তালিকায় উঠে এসেছেন। ১৭৭ ম্যাচে তার গোল ৭৫টি।
ব্রাজিলিয়ানদের মধ্যে বার্সার হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান চতুর্থ। তার ওপরে আছেন রিভালদো (১৩০), এভারিস্তো দে মাসেদো ও নেইমার (১০৫টি করে) এবং রোনালদিনহো (৯৪)।










































