আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনির দাফনের ৪০ দিন পূর্তি বা চল্লিশা উপলক্ষে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানী তেহরানসহ পবিত্র শহর কোম ও মাশহাদে শহীদ নেতা খামেনি ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির কার্যালয়।
এক বিবৃতিতে দেওয়া সূচি অনুযায়ী, তেহরানে ১৮ আগস্ট ইমাম খোমেনি মুসাল্লায়, কোমে ১৯ আগস্ট হজরত ফাতেমা মাসুমা (সা.)-এর মাজারে এবং মাশহাদে ২০ আগস্ট ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইরানের জনগণকে এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, শহীদ নেতার চল্লিশা উপলক্ষে জনগণের ব্যাপক উপস্থিতি ইসলামী বিপ্লবের নেতৃত্বের প্রতি নতুন করে আনুগত্য ও খামেনির আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী ইরানের ইসলামি বিপ্লবের এই নেতা।










































