আন্তর্জাতিক ডেস্ক।।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা তুমুল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ফেলে দিয়েছে। যেখানে বিরোধী দল টেন্ডারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজয় তার কর্মীদের জন্য আরো কাজের জায়গা করে দিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জ থেকে চেন্নাইয়ের নামাক্কাল কবিঙ্গার মালিগাইতে স্থানান্তর করতে চান।
প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে ৫.৫ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। তিন মাস বয়সী সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। দলটির দাবি, নির্মাণকাজ শুরু হওয়ার এক মাস পর টেন্ডারটি প্রকাশ করা হয়েছে।
বিজেপি নেতা সি আর কেশবন বলেন, ‘দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে।’
টিভিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ড. এন মারি উইলসন স্পষ্ট জানিয়েছেন, তাদের সরকার সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো বড় টেন্ডার কঠোরভাবে যাচাই করেই পাস করা হচ্ছে।










































