মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে গুরুত্বপূর্ণ গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও বেহাল দশায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই কাঁদাপানিতে একাকার হয়ে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাবগাছিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিধি পরিবর্তন হলেও দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে নেওয়া হয়নি কোনো বাস্তবমুখী পদক্ষেপ।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়কটি (রোড আইডি: ২০১৬০৫০১৫) ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম। বিশেষ করে ২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম সামনে দিয়ে প্রসারিত এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সর্বস্তরের মানুষকে। কেবল গাবগাছিয়া গ্রামই নয়, এই একটিমাত্র সড়ক ব্যবহার করে ২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ নং উত্তর বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৪২ নং বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এছাড়া স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন বাধ্য হয়ে এই ভাঙাচোরা সড়ক দিয়েই যাতায়াত করছে।
রাস্তার এমন করুণ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে কোমলমতি শিশুরা। বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছিন আকন, জাকিয়া আক্তার, তানহা আক্তার, সুমাইয়া আক্তার ও আয়শা সিদ্দিকা আক্ষেপ করে বলে, “প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়ে পড়তে হয়। আমাদের বই-খাতা ও পোশাক কাদা লেগে ভিজে নষ্ট হয়ে যায়। আহতও হতে হয় মাঝেমধ্যে। আমাদের এই কষ্ট দূর করার কি কেউ নেই?”

শিক্ষার্থীদের পাশাপাশি রোগী পরিবহনেও তৈরি হয়েছে মারাত্মক প্রতিবন্ধকতা। চরম জরুরি মুহূর্তে মুমূর্ষু কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য বিকল্প কোনো পথ না থাকায় চরম বিপাকে পড়েন স্বজনেরা।
২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক এবং স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, জাকির আকন, জাকারিয়া আকন ও সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে সড়ক সংস্কারের কোনো নাম নেই। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা দ্রুত গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়কটি (ID: 201605015) পাকা ও টেকসই সংস্কারের জন্য এলজিইডি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও জোর দাবি জানিয়েছেন।











































