ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সংঘর্ষের ঘটনাটির ঘটে।
স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেন, “কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ সদস্যদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিস্থিত এখন স্বাভাবিক রয়েছে।”










































