Home আঞ্চলিক মানববন্ধনে বিএনপি সম্পর্কে অসত্য বক্তব্য দেয়ায় খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি তোপের...

মানববন্ধনে বিএনপি সম্পর্কে অসত্য বক্তব্য দেয়ায় খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি তোপের মুখে

387


স্টাফ রিপোর্টার।।
দৈনিক প্রবাহ কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিএনপি সম্পর্কে দায়িত্বহীন, অসত্য ও কাল্পনিক বক্তব্য দেওয়ায় ব্যাপক তোপের মুখে পড়েছেন বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান।


বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় নগরীর শিববাড়ীস্থ কেডিএ এভিনিউ সড়কে দৈনিক প্রবাহ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দৈনিক প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সভাপতি আশরাফুজ্জামান দাবি করেন- “২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার শাসন আমলে খুলনা ছিল মৃত্যুপুরী। আর বিগত ২৪-এর ৫ই আগস্টের পর থেকে খুলনা নগরীতে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তাঁর বক্তব্য শেষ করার পরপরই ঘটনার সূত্রপাত হয়। আশরাফুজ্জামানের এই ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের বিরুদ্ধে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানান খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।


জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃদ্বয়ের কঠোর প্রতিবাদের মুখে আশরাফুজ্জামান চরম তোপের মুখে পড়েন এবং উপস্থিত সাংবাদিক ও ক্ষুব্ধ লোকজনের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের সময়োপযোগী ও দায়িত্বশীল হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এদিকে, কোনোপ্রকার তথ্য-প্রমাণ ছাড়া একটি প্রতিবাদ সভায় দাঁড়িয়ে বিএনপির অতীত ও বর্তমান সময় নিয়ে আশরাফুজ্জামানের দায়িত্বহীন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খুলনার বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত ও তথ্যবিকৃত বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকেও নিন্দা জানানো হচ্ছে।