Home আঞ্চলিক সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ আসামি গ্রেপ্তার

6

সাতক্ষীরা প্রতিনিধি।।

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামসনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করে। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন ও নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় তাদের সাজা হয়।

তিনি আরো জানান, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের ও রফিকুল ইসলাম গাজীর চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে বুধবার (১২ আগস্ট) আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনার ওই বছরের ১৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

তাদের মধ্যে মোজাম, রফিকুলসহ ৪৮ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এখনো পলাতক রয়েছে ৩৯ জন।