Home খেলাধুলা বাংলাদেশকে সমীহ করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশকে সমীহ করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

0

স্পোর্টস ডেস্ক।।

শক্তি-সামর্থ্যে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। টেস্টে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছে তারা। এখন পর্যন্ত হওয়া ৩ টেস্ট চ্যাম্পিয়শিপের দুটিতে ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। বিপরীতে প্রতি আসরে শেষ দিকে অবস্থান ছিল বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। দুই টেস্ট সিরিজের প্রথমটির একাদশ ইতিমধ্যে ঘোষণা করেছে।

তাতে ফিরেছে অজিদের ‘পেসত্রয়ী’। মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজলউডদের নিয়ে গড়া আক্রমণভাগের সামনে বাংলাদেশ টিকতে পারবে কিনা সেই আলোচনা হচ্ছে। ডারউইন টেস্ট ৫, ৪ নাকি ৩ দিনেই শেষ হবে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এমন প্রশ্নের উত্তরও দিতে হলো।

উত্তরে তিনি জানান, শেষ দিন পর্যন্তই লড়াই করতে চান তারা। একই প্রশ্ন করা হয় কামিন্সকেও। অস্ট্রেলিয়ার অধিনায়ক কৌশলে উত্তর দিলেন, ‘কে জানে!’
এই উত্তর টেস্ট শেষেই পাওয়া যাবে। তবে লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে সমীহই করছেন কামিন্স। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মনে পড়ে না কবে সহজ টেস্ট খেলেছি।

আমি নিশ্চিত তারা (বাংলাদেশ) শক্তিশালী। তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে যাদের আমরা আগে কখনো দেখিনি। আর টেস্টের আগে সব সময়ই কিছু অজানা শঙ্কা কাজ করে। গত কয়েক বছরে তারা কিছু বড় জয় পেয়েছে। সঙ্গে দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট খেলবে বাংলাদেশ। দুই দলের ম্যাচ আরও বেশি হোক এমনটা চাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়কের। ৩৩ বছর বয়সী পেসার বলেছেন, ‘আইসিসি ইভেন্টগুলোতেও বাংলাদেশের বিপক্ষে কয়েকটি ম্যাচ আমরা খেলেছি। তবে আমাদের এখানে নিয়মিত খেলা হয় না। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় খেলতে পারাটা দারুণ ব্যাপার। আমি চাই এমন সুযোগ আরও নিয়মিত আসুক।’