স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের বিপক্ষে ভারতের সেপ্টেম্বরে সম্ভাব্য সাদা বলের সিরিজের আকাশে শঙ্কার ঘনঘটা! এরই মধ্যে একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ভারত।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সিরিজ শেষ পর্যন্ত মাঠে না গড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানিও স্বীকার করেছেন, ভারত সিরিজটি আর্থিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সিরিজ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিসিবি।
বুধবার (১২ আগস্ট) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ রাব্বানি জানান, পরিস্থিতি পরিষ্কার হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন ঘোষণা দেওয়ার মতো একটা পর্যায়ে যাব, ইনশাআল্লাহ আমরা জানাব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও দু-চার দিন গেলে এটার একটা কনক্রিট আপডেট দিতে পারব। এখন কমেন্ট না করাই ভালো।’
তবে সিরিজটি নিয়ে বিসিবি আশাবাদী কি না, এমন প্রশ্নে রাব্বানির উত্তর, ‘আমরা সবসময় আশাবাদী। যেহেতু অফিশিয়ালি কিছু হয়নি, সেজন্য আমরা সবাই আশাবাদী।’
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন না হলে বিসিবির আর্থিক ক্ষতির বিষয়টিও স্পষ্ট করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি বলেন, ‘একটা বাংলাদেশ-ভারত সিরিজ মার্কেটিং পারসপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ। ফিন্যান্সিয়াল বলেন বা অন্য যেকোনো দিক; সব দিক থেকেই এটা খুবই তাৎপর্যপূর্ণ। ভারত সিরিজ না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি। তবে ইনশাআল্লাহ অন্যভাবে সেটা কাভার করা যায় কি না, আগামীতে চেষ্টা করব।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য সিরিজের সময়েই আফগানিস্তানের সঙ্গে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সূচিতে খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতির কথাও জানিয়েছে তারা।
ফলে সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে ভারতের পূর্বনির্ধারিত সাদা বলের সিরিজটি আদৌ হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বিসিবিও এখনো সিরিজ বাতিল কিংবা স্থগিত হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজটি মাঠে না গড়ালে সম্ভাব্য ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি উল্লেখযোগ্য বাণিজ্যিক ক্ষতিও সামলাতে হবে বিসিবিকে।











































