Home বিনোদন মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

0

বিনোদন ডেস্ক।।

সামাজিকমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি, অভিমান কিংবা জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কখনো ছবি ও স্মৃতিতে, কখনো আবার ছোট্ট কোনো বার্তায় নিজের মনের কথা জানান তিনি।

তবে তার কিছু পোস্ট ঘিরে তৈরি হয় বাড়তি কৌতূহল। এবারও তেমনই এক বার্তায় নিজের চরিত্র নিয়ে অন্যের ধারণা ও বিচার করার প্রবণতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়।

অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’
এরপর প্রভা লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে।

কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’

যদিও পোস্টে নির্দিষ্ট করে কারও নাম বা কোনো ঘটনার উল্লেখ করেননি অভিনেত্রী। ফলে তার এই কথাগুলো ঠিক কাকে উদ্দেশ্য করে, তা নিয়ে স্বাভাবিকভাবেই অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি নির্মাতা ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন এই কাজের মাধ্যমে পর্দায় প্রভাকে নতুন গল্প ও চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তার দর্শকরা।