বিনোদন ডেস্ক।।
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে ভক্তদের। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল তাঁর একটি মন্তব্য।
‘দ্য ট্রেইটর্স ২’-এর সাম্প্রতিক এক ক্লিপে মল্লিকাকে দাবি করতে শোনা গেছে, হলিউড তারকা টম ক্রুজ নাকি তাঁর প্রতি আকৃষ্ট। অভিনেত্রীর এমন মন্তব্যে অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরাও বেশ চমকে যান।
ভিডিওতে কমেডিয়ান কুল্লু মল্লিকাকে প্রশ্ন করেন, ‘মল্লিকা জি, আপনার কি কখনও কারও উপর ক্রাশ এসেছে?’ উত্তরে অভিনেত্রী সোজাসাপটা বলেন, ‘না।’ এরপর কুল্লু মজার ছলে জানতে চান, ‘নাকি সবসময় অন্যরাই আপনার উপর ক্রাশ খায়?’
মল্লিকাও নিজের পরিচিত আত্মবিশ্বাসী ভঙ্গিতে জবাব দেন, ‘সবাই আমার উপর ক্রাশ খায়। ’ এরপরই আসে আরও চমকপ্রদ দাবি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী বলেন, ‘ইদানীং টম ক্রুজ আমার উপর ক্রাশ খাচ্ছেন। আমি মিথ্যে বলছি না। আমার ফোনটা কাছে থাকলে তোমাদের ভিডিও দেখাতে পারতাম। ’
মল্লিকার এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে কৌতূহল তৈরি হয়। অন্যরা জানতে চান, টম ক্রুজ তাঁকে কী ধরনের ভিডিও পাঠান। কেউ কেউ অনুমান করেন, হয়তো স্ন্যাপ পাঠান। তবে তা নাকচ করে মল্লিকা বলেন, ‘না, স্ন্যাপ নয়। আমরা একসঙ্গে পার্টি করছি, এমন ভিডিও দেখাতে পারতাম। ’
অবশ্য টম ক্রুজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মল্লিকার এই দাবি অনুষ্ঠানের মজার কথোপকথনের অংশ হিসেবেই সামনে এসেছে। তাঁর বক্তব্যের সত্যতা সম্পর্কে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ‘দ্য ট্রেইটর্স ২’-এ মল্লিকার উপস্থিতি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। শোটির ট্রেলারে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই খেলায় সত্যি কথা বলতে হয় না, শুধু এমনভাবে বলতে হয় যাতে অন্যরা বিশ্বাস করে।’ এরপর থেকেই তিনি নিজেই ‘ট্রেইটর’ কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
তবে এমন জল্পনায় মল্লিকার জবাবও বেশ চটপটে। তিনি বলেন, ‘আমাকে ট্রেইটর বলা এখন ফ্যাশন হয়ে গেছে।’
শুধু শোয়ে অংশ নেওয়াই নয়, পারিশ্রমিক নিয়েও আলোচনায় রয়েছেন মল্লিকা। তাঁকে ‘দ্য ট্রেইটর্স ২’-এর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী বলা হচ্ছে। এক সাক্ষাৎকারে সেই দাবি কার্যত স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘টাকা উপার্জন করার জন্য কেন ক্ষমা চাইব? যারা বলে টাকা গুরুত্বপূর্ণ নয়, তারা মিথ্যে বলছে। স্বাধীনভাবে বাঁচতে গেলে নারী হোক বা পুরুষ, টাকার প্রয়োজন থাকবেই।’
এর আগে ‘বিগ বস’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’-তে অংশ নেওয়ার প্রস্তাব একাধিকবার ফিরিয়ে দিয়েছিলেন মল্লিকা। তাঁর দাবি, ‘দ্য ট্রেইটর্স’-এর ফরম্যাটই প্রথম তাঁকে সত্যিকারের আগ্রহী করেছিল।
আগামী ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে শোটির দ্বিতীয় সিজন। রিয়া চক্রবর্তী, মুনাওয়ার ফারুকি, শ্বেতা ত্রিপাঠী ও দলীপ তাহিলের মতো তারকাদের পাশাপাশি প্রতিযোগীদের তালিকায় রয়েছেন মল্লিকাও। বড়পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমায়।











































