Home খেলাধুলা সূর্যবংশীর ‘বয়স বিতর্ক’ নিয়ে যা বললেন ব্রেট লি

সূর্যবংশীর ‘বয়স বিতর্ক’ নিয়ে যা বললেন ব্রেট লি

30

স্পোর্টস ডেস্ক।।

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাটিংয়ের ফর্ম, দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে তাকে ২৮ বা ৩০ বছর বয়সী কোনো অভিজ্ঞ ব্যাটার বলেই মনে হতে পারে।

এত অল্প বয়সে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী যেভাবে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন, তাতে তার বয়স নিয়েও আলোচনা কম হয়নি। যদিও গত এক বছরে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন অনেকটাই কমেছে, অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলিং কিংবদন্তি ব্রেট লির মতে, ভারতের বাইরে এখনো এই কিশোর ব্যাটারের বয়স নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

তবে বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ কিংবা ১৮; এটি নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন লি। তার মতে, এত কম বয়সে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার সামর্থ্যই বৈভবের সবচেয়ে বড় পরিচয়। তাই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত তার ক্রিকেটীয় দক্ষতা, বয়স নয়।

‘বিয়ার বাইসেপস’ ইউটিউব চ্যানেলে লি বলেন, ‘সে অবিশ্বাস্য। ভারতের বাইরে প্রায় সবাই প্রশ্ন করে, সে সত্যিই ১৫ বছরের কি না। ‘সে কি ১৫?’, এটাই সম্ভবত বিশ্বজুড়ে তাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু তার বয়স কত, তাতে আমার কিছু যায় আসে না। সে যদি ১৫ বছরের হয়, দারুণ। আর যদি ১৭ বা ১৮ বছরের হয়, তাতেই বা কী? এই ছেলে ক্রিকেট খেলতে পারে। সে ভারতের জন্য দারুণ এক আবিষ্কার এবং ভবিষ্যতে আরও বড় ও ভালো কিছু অর্জন করবে।’

আইপিএলে অল্প সময়ের মধ্যেই বৈভবের পারফরম্যান্সেরও প্রশংসা করেন লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটি উল্লেখ করেন তিনি। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে বৈভব যেভাবে আগ্রাসী ব্যাটিং করেছিলেন, তা মুগ্ধ করেছে লিকে।

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘এত অল্প সময়ের মধ্যেই সে আইপিএল মাতিয়ে দিয়েছে। সানরাইজার্সের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটি দেখুন। তার সামনে ছিল অস্ট্রেলিয়ার বোলাররা। তারা প্রচণ্ড গতিতে বল করছিল, আর সে নাকের সামনে আসা বলও হুক করে সীমানাছাড়া করছিল। সে একেবারে পরিপূর্ণ ক্রিকেটীয় শট খেলছে এবং কোথা থেকে যেন অসাধারণ শক্তি খুঁজে নিচ্ছে।’

তবে বৈভবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং নয়, বরং মানসিক দিকটি হতে পারে বলে মনে করেন লি। এত অল্প বয়সে পাওয়া সাফল্যের কারণে তার ওপর যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।

লি বলেন, ‘তার ফর্ম বা ব্যাটিং সমস্যা হবে না। সমস্যা হতে পারে শুধু তার মন নিয়ে। তাকে এখনো শিশু হিসেবেই বেড়ে উঠতে হবে। তাকে শিশুর মতো থাকতে দিন এবং তার ওপর অতিরিক্ত চাপ দেবেন না।’

২০১২ সালে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছিলেন লি। বৈভবের দুর্দান্ত ছক্কা মারার দক্ষতার কথা মাথায় রেখে তার বিপক্ষে কীভাবে বোলিং করতেন, সেই কৌশলও জানিয়েছেন তিনি।

লি বলেন, ‘কেউ যদি বল হুক বা পুল করতে ভালোবাসে, সেটা আমি উপভোগ করতাম। কারণ তখন বিষয়টি একটা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। তাই আমি অবশ্যই পরিকল্পনা করতাম, ওপরে গিয়ে তার ব্যাটিং দেখতাম। এরপর তার শরীর লক্ষ্য করে একটি বল করতাম এবং দেখতাম সে কী করে। সে হয়তো আমাকে ছক্কা মেরে দিত, কিন্তু তাতে তাকে আবার একই ধরনের বল করতে আমি নিরুৎসাহিত হতাম না।’