Home খেলাধুলা রানের চূড়ায় উঠে বাটলার বললেন, ‘সূর্যবংশী একদিন আমার রেকর্ড ভেঙে ফেলবে’

রানের চূড়ায় উঠে বাটলার বললেন, ‘সূর্যবংশী একদিন আমার রেকর্ড ভেঙে ফেলবে’

2

স্পোর্টস ডেস্ক।।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার। গতকাল রাতে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে যান বাটলার।

রেকর্ড গড়ে ইংল্যান্ডের এই তারকা উইকেটকিপার-ব্যাটার জানালেন, ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী একদিন তার রেকর্ড ভেঙে ফেলবেন। মাস দেড়েক আগে ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন পোলার্ড। তবে সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারলেন না। ৪৯২ ইনিংসে বাটলারের রান এখন ১৪৮৩৩, যেখানে ৬৬৩ ইনিংসে পোলার্ডের সংগ্রহ ১৪৮০৩ রান।

নতুন কীর্তি গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বাটলার বলেছেন, ‘আসলে ভাবতেই খুব ভালো লাগছে যে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন আমার। অবশ্যই একদিন কেউ এটাকে ছাড়িয়ে যাবে এবং তার নাম সম্ভবত বৈভব সূর্যবংশী। তবে এটা আমার জন্য গর্বের মুহূর্ত।’

পোলার্ডের প্রসঙ্গও টানেন বাটলার।

তিনি বলেন, ‘আমরা গত ম্যাচে তাদের বিপক্ষে খেলেছি এবং পোলার্ড যখন মাঠের বাইরে ছিলেন, তখন তাকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগত। এই তালিকায় অনেক অসাধারণ ক্রিকেটারের নাম আছে। তাই এই অর্জন নিয়ে আমি সত্যিই গর্বিত।’

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন বাটলারের পরই আছেন পোলার্ড। তৃতীয় স্থানে থাকা গেইল ৪৫৫ ইনিংসে করেছেন ১৪৫৬২ রান।

১২ বছরের বেশি সময় এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্যারিবীয় এই কিংবদন্তি। বাটলার ও পোলার্ড এখনো খেলছেন। ফলে সামনে রানের এই রেকর্ডে আরো পরিবর্তন আসতে পারে। তবে পোলার্ডের তুলনায় বয়সে ৪ বছরের ছোট বাটলারের দীর্ঘ সময় শীর্ষে থাকার সম্ভাবনাই বেশি।

ওদিকে, মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টিতে ১৬৭০ রান করে ফেলেছেন সূর্যবংশী। ভারতের এই বিস্ময় বালক নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে যেতে পারলে নিশ্চিতভাবেই সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলবেন।