Home খেলাধুলা অবশেষে ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল

অবশেষে ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল

0

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে সান্তিয়াগো বার্নাব্যুতে রেখে দিতে চুক্তির নতুন ও উন্নত প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। চুক্তির শেষ ১২ মাসে পা রাখা ২৬ বছর বয়সী এই তারকাকে পেতে সাম্প্রতিক সপ্তাহে জোর আগ্রহ দেখিয়ে আসছিল ইংলিশ ক্লাব আর্সেনাল।

এরপরই বেতন কাঠামো নিয়ে নিজেদের আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে রিয়াল। নতুন চুক্তি নিয়ে রিয়ালের সঙ্গে আলোচনা একপর্যায়ে থমকে গেলেও, স্প্যানিশ জায়ান্টরা এবার ভিনিসিয়ুসের সামনে নতুন শর্ত পেশ করেছে। জানা গেছে, ক্লাবের এমন পদক্ষেপে ইতিবাচক সাড়াও দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন শুধু তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে লস ব্লাঙ্কোরা।

রিয়ালে ফের ফিরে আসা প্রধান কোচ হোসে মরিনহিসহ ক্লাবের নীতিপ্রণেতারা আশাবাদী, ভিনিসিয়ুস শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করবেন। ক্লাব সূত্রের খবর, দিনের পর দিন নয়, বরং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভিনিসিয়ুসের কাছ থেকে চূড়ান্ত জবাব আশা করছে রিয়াল প্রশাসন।

তবে ভিনিসিয়ুস যদি শেষ পর্যন্ত রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেন, তবে তাকে দলে ভেড়াতে কালক্ষেপণ করবে না আর্সেনাল। ব্রাজিলিয়ান তারকাকে আর্সেনালের আক্রমণের বাঁ প্রান্তের প্রধান টার্গেট হিসেবে নির্ধারণ করে রেখেছেন গানার কোচ।

তিন বছর আগে রিয়ালের সঙ্গে যে চুক্তি বাড়িয়েছিলেন ভিনিসিয়ুস, তার মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। সেই হিসেবে গত ১৮ মাস ধরেই নতুন চুক্তি নিয়ে ক্লাব ও তার প্রতিনিধিদের মধ্যে দরকষাকষি চলছিল। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে গত সোমবারই রিয়ালের প্রাক-মৌসুম অনুশীলন ও শারীরিক পরীক্ষার জন্য ক্লাবে যোগ দিয়েছেন তিনি।

মাদ্রিদের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করা ভিনিসিউস চান আর্থিক দিক থেকেও তাকে দলের ‘এক নম্বর তারকা’র স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আমলে ক্লাবের বেতন কাঠামো কঠোরভাবে বজায় রাখার যে রীতি রয়েছে, সেটিই আলোচনার মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল।

যদিও ভিনিসিয়ুস নিজেই একাধিকবার রিয়ালকে তার ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ক্লাবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।