Home আঞ্চলিক ট্রাক্টর দিয়ে ফুটবল মাঠ চাষ, বাধা দিতে গিয়ে আহত ১৩

ট্রাক্টর দিয়ে ফুটবল মাঠ চাষ, বাধা দিতে গিয়ে আহত ১৩

2

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খেলার মাঠে ট্রাক্টর দিয়ে চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ ১৩ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে আহসান হাবীব (১২), রাশিদুল ইসলাম (২৭), সাইমুম (১৯) ও আবু হানিফা (১৮) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের দাবি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের চাচাতো ভাই সাইফুল ইসলাম এবং তার সহযোগী রমজান আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন রাশিদুল ইসলাম জানান, দেবালয় মৌজার প্রায় ১৮ বিঘা সরকারি জমির একটি অংশ কয়েক মাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দেন। এরপর থেকে স্থানীয় তরুণরা সেখানে নিয়মিত ফুটবল খেলতেন।

তার অভিযোগ, সোমবার সকালে সাইফুল ইসলাম ও রমজান আলীর নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনটি ট্রাক্টরসহ মাঠে এসে জমি চাষ শুরু করেন। স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। সন্তানদের রক্ষা করতে গিয়ে মরিয়ম খাতুন (২৩) ও আয়েশা বেগম (৪২) নামে দুই নারীও আহত হন।

এ ঘটনায় আরও আহত হয়েছেন শাহজালাল (১৮), সাইদ (৩০), সাগর (২০), রেজাউল (৩৫), মিজান (৩২), শাহিন (২৪) ও মোস্তাফিজুর (২৭)।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামকে ফোন করলে তাকে পাওয়া যায়নি। তবে রমজান আলী দাবি করেন, সেখানে শুধু সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। জমি চাষের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমিটি তাদের দখলে রয়েছে এবং সরকার ইচ্ছেমতো অন্য কাউকে জমি দিতে পারে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, জমিটি সরকারি। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এর একটি অংশ খেলার মাঠ হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সোমবার সকালে কয়েকজন ব্যক্তি ট্রাক্টর নিয়ে সেখানে জোরপূর্বক চাষ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে সংঘর্ষে জড়ান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা পুলিশের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।